কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে হানা ইবি ও পুলিশের

80

পৃথা দাশগুপ্ত,কলকাতা: রাজ্যজুড়ে সবজির বাজার আগুন ।‌ একেকটা বাজারে এক এক রকম দাম। যে যা দাম পারছে তাই হাঁকছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর আজ কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে হানা দিল ইবি ও পুলিশ। উদ্দেশ্য বাজারে সবজির দাম এক রাখা। শহর কলকাতায় শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার, যদুবাবুর বাজারে হানা দিল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এ ছাড়াও রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে গিয়ে কথা বলেছেন স্থানীয় আধিকারিকরা।

আজ ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের একাধিক দল শহরের বিভিন্ন বাজারে যান। কথা বলেন সবজি বিক্রেতাদের সঙ্গে। ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সবজি বিক্রেতাদের জিজ্ঞাসা করেন কোন সবজির কী দাম?

অন্যদিকে জেলার বাজারেও এক ছবি। আজ পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজার ও কোলাঘাট এলাকায় সবজি বাজার ও সারের দোকানে সারপ্রাইজ ভিজিটে যান কোলাঘাট ব্লক প্রশাসন ও পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক। বেশ কয়েকটি সবজি দোকানে আলু পেঁয়াজ সবজির সঠিক দামে বিক্রি হচ্ছে কি না, খোঁজ নেন বিধায়ক।

মূলত কয়েক দফার টানা বৃষ্টির ফলেই দামবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রয়েছে সরবরাহে ঘাটতি। কার্যত প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সবজির দাম। কলকাতার মানিকতলা, গড়িয়াহাট, শ্যামবাজার-সহ কলকাতার উত্তর দক্ষিণের প্রায় বাজারেই দাম বৃদ্ধিরষ।

পাইকারি বাজারের দাম একনজরে

পটল ও ঢেঁড়সের দাম ৩০-৩৫ টাকা।
পেঁপে – ৩০ /৪০ টাকা
কুমড়ো ৩০/৪০ টাকা
বেগুন ৮০/৯০ টাকা
করলা ২০০ টাকা
টম্যাটো ১১৫-১২০ টাকা
বরবটি, চিচিঙ্গা, ঝিঙে, ঢেঁড়স, করলা সবই অনেকটাই ঊর্ধ্বমুখী

শুধু সবজিই নয়, ডিমের দামও প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে। হাঁসের ডিমও ১৪ বা ১৫ টাকা হয়েছে। পোলট্রি মুরগির ডিমের দাম এখনও ১৫ টাকা জোড়া। মূলত এক মাসের ব্যবধানে সবজিভেদে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এই দামে এবার ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত। ‌