পৃথা দাশগুপ্ত,কলকাতা: শশী পাঁজা। পালা বদলের পর যিনি কার্যত বেপাত্তা ।রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রাক্তন বিধায়ক। রাজ্য তৃণমূলের মহিলা সংগঠনের অন্যতম মুখ। কিন্তু, রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল যখন আসল-নকলে জর্জরিত, সেইসময় কার্যত তিনি উধাও । তবে সূত্রের খবর, সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে দেখা গিয়েছে শশী পাঁজাকে। যা নিয়ে জোর জল্পনা ।
উল্লেখ্য, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে কাকলি ঘোষ দস্তিদারের একটি ক্লিনিক রয়েছে। সম্প্রতি, সেখানেই দেখা গিয়েছে শশী পাঁজাকে। তিনি নিজেও একজন চিকিৎসক। ওই ক্লিনিকে আগেও একাধিকবার গিয়েছেন শশী। তবে, দুই দুঁদে রাজনীতিবিদের সাক্ষাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই বিষয়ে কী বলছেন কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ?
কুণাল ঘোষের দাবি, শশী পাঁজা আর ভোটের পর তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। তিনি বলেন, “আমি এটা নিয়ে বলতে পারব না। কারণ বিধানসভা নির্বাচনের পর থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন দলীয় মন্ত্রী, ঘন ঘন সাংবাদিক বৈঠকে আমার অন্যতম সঙ্গী শশী পাঁজাকে দেখা যায় না। কর্মীরাও তাঁকে দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। ভোটের আগে শশী পাঁজার বাড়িতে যখন বিজেপি হামলা করেছিল, তারপর যখন সেই কর্মীদের গ্রেফতার করা হয়েছে, তখন কোর্টে, থানায় একবারও শশী পাঁজাকে দেখা যায়নি।”
তিনি আরো বলেন, “আমি নিজেও ফোন করেছি, যোগাযোগ করেছি। দেশের বাইরে ছিলেন। বলেছিলেন ফিরে এসে যোগাযোগ করবেন। ঘটনাচক্রে যোগাযোগ হয়নি। এখন উনি কার কাছে যাবেন, কার সঙ্গে তাঁর যোগযোগ ছিল, কোনটা চিকিৎসক হিসেবে, কোনটা তৃণমূল হিসেবে, কোনটা ভালো তৃণমূল হিসেবে, কোনটা খারাপ তৃণমূল হিসেবে, বুঝব কীভাবে?”