নিউজ ডেস্ক; অভিনেতা মুকেশ খান্না এক ভিডিওবার্তার মাধ্যমে দেশের বর্তমান প্রজন্ম ও সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর দাবি, আগামী দিনে যদি বর্তমান প্রজন্মের কাঁধে দেশের দায়িত্ব আসে, তবে ভারতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে খান্না জানান, তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও ইউটিউব ও ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে দেশের পরিস্থিতির উপর নজর রাখছেন। সম্প্রতি তিনি জেন-জি প্রজন্মকে নিয়ে একটি ভিডিও করেছিলেন। তাঁর বক্তব্য, “আজ থেকে ২৫ বছর পর যদি এই প্রজন্ম দেশের নেতৃত্ব দেয়, তাহলে দেশের ভবিষ্যৎ কেমন হতে পারে, তা সহজেই অনুমান করা যায়।”
ভিডিওতে তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া সকলেই প্রকৃত অর্থে নিট পরীক্ষার প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রী নন। তাঁর অভিযোগ, কিছু সংগঠন পরিকল্পিতভাবে পড়ুয়াদের ব্যবহার করে আন্দোলনে নামিয়েছে এবং সরকারের বিরুদ্ধে উস্কানির চেষ্টা করছে।
মুকেশ খান্না ককরোচ জনতা পার্টিকে কটাক্ষ করে তাঁদের ‘আরশোলা’ বলে আখ্যা দেন। তাঁর মতে, এই আন্দোলনের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা নয়, বরং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। তিনি অভিযোগ করেন, আন্দোলনের পিছনে আর্থিক সাহায্য ও নির্দিষ্ট উদ্দেশ্য কাজ করছে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তাও দেন অভিনেতা। তাঁর বক্তব্য, “আপনাদের ব্যবহার করা হচ্ছে। এই পথে এগোলে ভবিষ্যতে চাকরি, ভিসা কিংবা প্রশাসনিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হোন।”
ভিডিওর ক্যাপশনেও তিনি একই সুরে লেখেন, দেরি হওয়ার আগেই এই ‘আরশোলাদের’ সমাজ থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, মুকেশ খান্নার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে।