ভারতের মানচিত্রে নেই উত্তর-পূর্ব! প্রতিবাদ লাভলীনার

36

নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে রুপো পেয়েছেন অসমের লাভলীনা বরগোহাঁই। কিন্তু পদক নয়, লাভলীনা শিরোনামে তাঁর প্রতিবাদের জন্য। গ্লাসগোর এক রেস্তোরাঁর আমন্ত্রণে খেতে গিয়েছিল ভারতীয় দল। ওই রেস্তোরাঁয় হাত মোছার জন্য যে ন্যাপকিন রাখা ছিল, তাতে ছাপা ছিল ভারতের মানচিত্র। কিন্তু সেই মানচিত্রে গোটা উত্তর-পূর্ব ভারত ছিল না তো বটেই এইসঙ্গে ছিল না কাশ্মীরের একাংশ। দেশের এমন বিকৃত মানচিত্র দেখে প্রতিবাদ করে লাভলীনা বলেছেন, ন্যাপকিনে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানচিত্রের ছাপ থাকা উচিত।
লাভলীনার প্রতিবাদের পরই শর্তহীন ক্ষমা চেয়েছে মিস্টার সিংহ্‌জ ইন্ডিয়া: দ্য হোম অফ কারি নামের ওই রেস্তোরাঁ। বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে তারা গর্বিত। ৩২ বছর ধরে ভারত এবং গোটা বিশ্বকে পরিষেবা দিয়ে আসছে তারা। ভুল ভাবে ভারতের মানচিত্র ছাপানোর জন্য শর্তহীন ক্ষমা চাওয়া হয়েছে রেস্তোরাঁর তরফে। বলা হয়েছে, আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করব। আরও এক বার ক্ষমা চাইছি। পরিষেবা দিতে গিয়ে কাউকে আঘাত করা আমাদের অভিপ্রায় ছিল না
অলিম্পিক পদকজয়ী বক্সারের বক্তব্যকে সমর্থন করেছে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া। সভাপতি অজয় সিংহ বলেছেন, ‘মানচিত্রে কাশ্মীরের একাংশও নেই ন্যাপকিনে। আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেছি।
অসমের বক্সার লাভলীনা বরগোঁহাইয়ের প্রতিবাদে কাজ হল ২৪ ঘণ্টার মধ্যেই।