নিউজ ডেস্ক: বন্যাত্রাণে অসমকে বঞ্চনা করার অভিযোগ বিরোধী দল কংগ্রেসের। বন্যাত্রাণে সাম্প্রতিক কেন্দ্রের মঞ্জুর করা টাকার অনেক কম অংশ পেয়েছে অসম। এবিষয়ে কেন্দ্রকে নিশানা করেছে অসমের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী নীলমণি সেন ডেকা। সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে মানবসৃষ্ট বন্যার তদন্ত করা উচিত বলে দাবি তাঁর।
অসম সরকারকে তোপ দেগে নীলমণি সেন ডেকা বলেন, রাজ্যে ভয়াবহ বন্যা চলছে। মৃত্যু হয়েছে ৮৫ জনের। লক্ষ লক্ষ পরিবার আশ্রয় শিবিরে। ভেসে গেছে বহু গ্রাম। লক্ষ লক্ষ হেক্টর জমি জলের তলায়। অথচ রাজ্য সরকারের কোষাগারে কোনও টাকা নেই। এর একমাত্র কারণ বাজেটে বন্যাত্রাণ বা প্রাকৃতিক বিপর্যয়ের কথা ভাবাই হয়নি।
নীলমণির মতে, রাজ্যের সমস্যা শিরোনামে একটি নতুন বিভাগ রাখা দরকার। যেখানে বন্যা স্থান পাবে। তাহলে সরকার সরাসরি বন্যার্তদের সাহায্য করতে পারবে।
শনিবার গোটা দেশের জন্য বন্যাত্রাণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২১১৭ কোটি টাকা মঞ্জুর করেছেন। অসমে ৮৫ জনের মৃত্যুর পরও এই টাকার ৩৭৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আর ওড়িশা, গুজরাট এবং মহারাষ্ট্র পেয়েছে ৫০০ কোটি টাকা।
অসম কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরার অভিযোগ, বেআইনি কয়লাখনি চলছে মেঘালয়, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের সঙ্গে অসমের সীমান্তে। তার ফলে মাটি আলগা হয়ে যাচ্ছে এবং একটু বৃষ্টিতেই বন্যা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রতিদিন ৪০-৬০ বেআইনি ট্রাক ঢুকছে নাগাল্যান্ড থেকে অসমে। অবৈধ কয়লাখননে জড়িত তিন হাজার কোটি টাকার বেআইনি চক্র। বন্যা প্রতিরোধে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে ২৪-পয়েন্ট চার্টার পেশ করেছে কংগ্রেস।
Prev Post