বন্যার জেরে ট্রেন বাতিল তিনসুকিয়া ডিভিশনে

22

নিউজ ডেস্ক: অসমের সিমালুগুড়িতে অত্যধিক বৃষ্টির বেশ কয়েকটি ট্রেন বাতিল ও এবং ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল এক বিজ্ঞপ্তিতে ট্রেনের সময়সূচি, রুট পরিবর্তন এবং ট্রেন বাতিলের খবর জানিয়েছে। অসমে চলতি বন্যায় শিবসগার, যোরহাট, তিনসুকিয়ার বিভিন্ন অংশে রেললাইনের ক্ষতি হয়েছে বলে যাত্রীদের নিরাপত্তায় কিছু ট্রেনের চলাচল অদলবদল করতে হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষকে।
যেসব ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ডিব্রুগড়-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড়-লালগড় অবধ অসম এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, ডিব্রুগড়-লোকমান্য তিলক এক্সপ্রেস এবং ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। উল্টোদিকের ট্রেন অর্থাৎ নয়া দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস এবং লালগড়-ডিব্রুগড় অবধ অসম এক্সপ্রেসের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি এখন চলাচল করবে উত্তর লখিমপুর, রাঙাপাড়া উত্তর এবং রঙিয়া হয়ে।
নাগাল্যান্ড এক্সপ্রেস আংশিক বাতিল করা হয়েছে। মরিয়নি জংশন থেকে ডিমাপুর পর্যন্ত চলাচল করবে। মরিয়নি থেকে ডিব্রুগড় যাত্রাপথ আপাতত বাতিল। এ ছাড়া কয়েকটি ডেমু এবং ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করেছে রেল। এর মধ্যে রয়েছে গুয়াহাটি-লিডু ইন্টারসিটি এক্সপ্রেস, রঙিয়া-নিউ তিনসুকিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, রঙিয়া-লিডু ইন্টারসিটি এক্সপ্রেস, তিনসুকিয়া-যোরহাট টাউন প্যাসেঞ্জার, লামডিং-তিনসকিয়া ডেমু এবং সিমালুগুড়ি-ডিব্রুগড় প্যাসেঞ্জার ট্রেন। পরবর্তী নির্দেশের আগে এগুলি বাতিল করা হয়েছে।