SSKM-এই চোখের চিকিৎসা করাতে হবে, নারাজ অভিষেক,মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

35

পৃথা দাশগুপ্ত,কলকাতা:চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান ডায়মন্ড হারবারের সাংসদ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে হাইকোর্ট, পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। কিন্তু সোমবার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন।

কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনই বিদেশে যেতে পারবেন‌ না। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানে চক্ষু বিভাগের এইচ ও ডি- র নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে বিবেচনা করা হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টে সেই রিপোর্টে জমা দেবে মেডিক্যাল বোর্ড। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, বেশ কিছুক্ষণ পর জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজি নন এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে। তাই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

আদালতে আজ সওয়াল করেন তাঁর আইনজীবী রেবেকা ম্যামেন জন। তিনি বলেন, “ আগেও ইডির একটি মামলায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এখন‌‌ নয় কেন ? সেই বিষয়টি সুপ্রিম কোর্টেও উঠেছিল এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের কোনও আপত্তি ছিল না।” রাজ্যের অতিরিক্ত এজি রাজদীপ মজুমদার পাল্টা বলেন, “সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত ছিলেন না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন । গত ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জিজ্ঞাসা করেন কলকাতার কোনও চোখের হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ সংক্রান্ত বিষয় পরামর্শ নিয়েছিলেন কি না। তবে সাংসদের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের আগে থেকেই আমেরিকায় চিকিৎসা চলছিল। পাশাপাশি রাজ্যের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করেন। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় আপত্তি রয়েছে রাজ্যের। এই মুহূর্তে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এই অবস্থায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে ।

দু’পক্ষের বক্তব্য শোনার পরে হাই কোর্ট বলে, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে পরীক্ষা করাতে হবে। যদি বিশেষজ্ঞ চিকিৎসক জানান, এই চিকিৎসা কলকাতায় সম্ভব নয় তখন বিদেশ যাওয়ার বিষয় চিকিৎসা সংক্রান্ত মতামত হিসাবে গুরুত্ব পাবে। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

কিন্তু সুপ্রিম কোর্টও এই মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। আজ কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ এসএসকেএম হাসপাতালেই চোখের চিকিৎসা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।