অসমের বন্যার্তদের জন্য লন্ডন বা আমেরিকা থেকে সাহায্যের দরকার নেই: হিমন্ত

39

নিউজ ডেস্ক: অসমের বন্যার্তদের জন্য বিদেশের সাহায্যের দরকার নেই, কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের অভিনেত্রী তথা কত্থক নৃত্যশিল্পী মেঘরঞ্জনী মেধি অসমের বন্যার্তদের সাহায্যের জন্য লন্ডনে অর্থ এবং ত্রাণসামগ্রী সংগ্রহ করছেন। সেই পরিপ্রেক্ষিতে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমের বন্যার্তদের জন্য কোনও সাহায্য দরকার নেই লন্ডন বা আমেরিকা থেকে।
সম্প্রতি মেঘরঞ্জনী একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা গেছে লন্ডনের রাস্তায় তিনি কত্থক নৃত্য পরিবেশন করছেন এবং ভূপেন হাজরিকার কিংবদন্তি গান মানুষ মানুষের জন্য… গাইতে গাইতে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী-অর্থ সংগ্রহ করছেন। মেধিকে দেখা যায় লন্ডনের পিকাডেলি সার্কাস এবং তার আগে জন লুইসের কাছে অক্সফোর্ড স্ট্রিটে পথচলতি মানুষের থেকে ত্রাণের জন্য অর্থ-সামগ্রী চাইছেন। তিনি বলেছেন, পরিমাণে যাই হোক না কেন, প্রতিটি দান তাঁর রাজ্য অসমের বন্যার্তদের কাজে লাগবে। ভিডিয়ো পোস্ট করে মেধি লিখেছেন, অসমের বন্যার্তদের জন্য লন্ডনে ত্রাণ সংগ্রহ করছি। আমি প্রশিক্ষিত কণ্ঠশিল্পী নই, তবু ভূপেন হাজরিকার গান গাইছি লন্ডনের রাস্তায়। যাঁরা অর্থ দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মেঘরঞ্জনী।
খুব দ্রুত ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে অনেকে মেঘরঞ্জনীর উদ্যোগের প্রশংসা করেছেন আবার অনেকে বিদেশে এরকম অর্থ সংগ্রহের সমালোচনা করেছেন। আর মেধি বলেছেন, এটা ভিক্ষা চাওয়া নয়, মহৎ উদ্দেশ্যে মানুষের থেকে কিছু দান সংগ্রহ করা।
রাস্তায় কোনও কৌটায় বা কিউআর কোডে বন্যাত্রাণ সংগ্রহ করা চলবে না, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর স্পষ্ট কথা, বন্যাত্রাণের নামে রাস্তায় কেউ কারো থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না। এরকম দেখা গেলেই পুলিশ যথাযথ পদক্ষেপ করবে। হিমন্ত বলেন, চলতি বন্যায় দেখা যাচ্ছে, অনেকেই রাস্তার পথচারী বা গাড়িচালকদের থেকে জোর করে অর্থ সংগ্রহ করছে। এরকমভাবে ত্রাণ সংগ্রহের কোনও অনুমতি নেই।