গুয়াতেমালায় জেগে উঠেছে ‘Volcano of Fire’! জারি সতর্কতা

46

নিউজ ডেস্ক: আকস্মিক অগ্ন্যুৎপাত! ঘন ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে আকাশে। মূহূর্তের মধ্যেই পর্বতচূড়া থেকে গলিত লাভা ও পাইরোক্লাস্টিক নেমে আসে নীচে। পরিস্থিতি বেগতিক দেখে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ৮ বছর পর ফের অগ্ন্যুৎপাত গুয়াতেমালার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘ফুয়েগো’ থেকে। ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে বিকট শব্দে তাণ্ডব শুরু হয় ফুয়েগো আগ্নেয়গিরির। প্রায় ১৬ ঘণ্টা ধরে অব্যাহত ছিল অগ্ন্যুৎপাত।

তীব্র অগ্ন্যুৎপাতের ফলে সেন্ট্রাল আমেরিকার এই দেশের তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগ্নেয়গিরি থেকে ছাই, গ্যাস, লাভা ও কাদার ঢল অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, আগ্নেয়গিরির পাদদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১,৭০০ বাসিন্দাকে আশ্রয় শিবিরে নিয়ে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন। এদিকে, আগ্নেয়গিরির কোলঘেঁষে যাওয়া জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং স্কুল-কলেজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফুয়েগোর অগ্ন্যুৎপাতের কারণে আশপাশে তিন জেলার প্রায় ৩০ হাজার মানুষ প্রভাবিত। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ গরম কাদার প্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে নীচে নেমে এসেছে। যা আশপাশের জনপদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এদিকে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কাদার স্রোত আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জল উৎসগুলি ঢেকে রাখার পরামর্শ দিয়েছে। এ ছাড়া অগ্ন্যুৎপাতের ছাই থেকে যাতে শ্বাসযন্ত্রের ক্ষতি না হয় তার জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ‘ফুয়েগো’ মধ্য আমেরিকার অন্যতম মারাত্মক সক্রিয় আগ্নেয়গিরি। ২০১৮ সালের জুনে ফুয়েগো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া একটি গোটা গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল।