বিদেশেই যেতে চান , ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

40

পৃথা দাশগুপ্ত কলকাতা: প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার হাইকোর্ট, এবার আবার সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসা বিদেশেই করাতে চান তিনি। কলকাতা হাইকোর্ট এসএসকেএমে চিকিৎসা করাতে বলায় আপত্তি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যায় তাঁর মামলা।

প্রথমে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয় আদালত। ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখনই যেতে দিতে পারে, যদি এখানে এই চিকিৎসা না করা যায়।”

এস এস কে এম হাসপাতালে কেন চিকিৎসা করাতে যাননি সাংসদ তাও প্রশ্ন তুলেছিল আদালত। হাইকোর্টের বক্তব্য ছিল, কলকাতায় চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজন, তাহলে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মামলা খারিজ করে দেন। শীর্ষ আদালত জানায়, হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। একইসঙ্গে নির্দেশ দেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন কি না সেই বিষয়ে এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে।

হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য লেখেন, “যে কোনও নাগরিক যে কোনও জায়গায় চিকিৎসার জন্য যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে তিনটে মামলা বিচারাধীন এবং তদন্ত চলছে। তাই আদালত এ বিষয়ে এসএসকেএম-র পরামর্শ চেয়েছিল। আদালত জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে হবে।”

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেবেকা জন জানান, তাঁর মক্কেল এসএসকেএম-এই চিকিৎসা করাতে চান না। কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দেয়। ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌