অসমে বন্যায় মৃত ১০০

5

নিউজ ডেস্ক: অসমে ভয়ংকর বন্যায় মৃতের সংখ্যা পৌঁছল একশোয়। গোলাঘাট কার্বি আংলং জেলায় শেষ দুই মৃত্যু ঘটেছে। সাতটি জেলায় এখনও ১.৩৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এই সাতটি জেলা হল চরাইদেও, দরং, গোলাঘাট, যোরহাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সংখ্যা গোলাঘাট জেলায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর রয়েছে শিবসাগর, ৪০ হাজার এবং যোরহাটের ১৬ হাজার বাসিন্দা। বিবৃতি দিয়ে জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।


বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা দেড় লক্ষ থেকে কমে হয়েছে ১.৩৭ লক্ষ। ছয়টি জেলায় ১২৫ ত্রাণশিবির চালাচ্ছে প্রশাসন। এই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০ হাজার বন্যাক্রান্ত


এখনও অসমের ৪৫৬ গ্রাম জলে ডুবে রয়েছে। জল থইথই করছে প্রায় ১২ হাজার কৃষিজমিতে। বন্যায় ক্ষতি হয়েছে নদীর পাড়ের, রাস্তা, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর। এ ছাড়া বাড়িঘর, গৃহপালিত জীবজন্তু, মানুষের সরকারি নথিপত্র, পড়ুয়াদের স্কুলের বই, দৈনন্দিন আবশ্যক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে চলতি বন্যায়। গোটা অসমে বন্যার জেরে মৃত্যু হয়েছে ৪৩,৩৩১ গৃহপালিত জীবজন্তুর। গোলাঘাটে ধনসিড়ি নদী এবং বরাকের শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর জল বইছে বিপদসীমার ওপর দিয়ে।


বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়নে কাজ শুরু করেছে সরকার। দুই সপ্তাহ এই কাজ চলবে। তারপর রিপোর্টের ভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চারটি জেলাকে আর্থিক সহায়তা করবে সরকার। এই চারটি জেলা হল শিবসাগর, চরাইদেও, গোলাঘাট এবং যোরহাট।