নিউজ ডেস্ক: প্রগতিশীল এবং শিক্ষিত এরকম এক হাজার কৃষককে এক লক্ষ করে টাকা দেবে অসম সরকার। যাতে আরও বেশি করে শিক্ষিত যুবরা কৃষিকাজে অংশগ্রহণ করে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সোমবার হিমন্ত বলেন, আমাদের উচিত কৃষিকাজে শিক্ষিত যুবসমাজকে উৎসাহ দেওয়া। সেজন্য আমরা স্থির করেছি এবছর প্রগতিশীল এবং শিক্ষিত এক হাজার কৃষককে মুখ্যমন্ত্রী কৃষি উৎকর্ষ সম্মান দেব, যার অর্থমূল্য হবে এক লক্ষ টাকা। যারা পুরস্কার পাবে তাদের কৃষি ও ফার্মিংয়ের বিভিন্ন সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আগামী পাঁচ বছরে আমরা এরকম দশ হাজার কৃষককে চিহ্নিত করব।
এই প্রকল্পের লক্ষ্য হবে কৃষিকে আধুনিক, গবেষণা শক্তিশালী এবং আরও বেশি উৎপাদন ও স্বনির্ভরশীল হতে কৃষককে সহায়তা করা। এইসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যুবকল্যাণ বিভাগকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি, ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং শিক্ষাক্ষেত্রে যুবসমাজ সংক্রান্ত উদ্যোগকে এক বিভাগে নিয়ে আসা হবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে।
কোনও সরকারি কর্মী আইনি বিবাহ বিচ্ছেদ না করে স্ত্রীকে ত্যাগ করলে সরকার সেই মহিলার পাশে দাঁড়াবে, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, এরকম কোনও ঘটনায় সংশ্লিষ্ট সরকারি কর্মীর বেতনের ২০ শতাংশ কেটে সরাসরি তাঁর প্রথম স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। শুধু সেই মহিলাকে সরকারের কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে আবেদন করতে হবে। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, বলেন হিমন্ত। এর আগে সরকারের তরফে মা-বাবাকে ত্যাগ করা সরকারি কর্মীর ১০ শতাংশ বেতন কেটে তাঁর অভিভাবকদের কাছে পাঠিয়েছে অসম সরকার।
Prev Post