নিউজ ডেস্ক: বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পাঠানো ত্রাণ এবং অর্থ অপব্যবহারের অভিযোগ গৌরব গগৈয়ের। সিএজি বা ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে অসম সরকারকে নিশানা করেছেন যোরহাটের কংগ্রেস সাংসদ তথা অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ।
সমাজমাধ্যমে গৌরব লিখেছেন, অসম সরকার ধারাবাহিকভাবে বিপর্যয়ের জন্য বরাদ্দ অর্থ ব্যবহার করতে পারেনি এবং এই সমস্যা শেষপর্যন্ত সম্প্রসারিত হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে। সিএজি রিপোর্ট উল্লেখ করে গৌরব গগৈ বলেছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ডের জন্য মঞ্জুর করেছিল ১১,৪৭৪ কোটি টাকা। কিন্তু বিভিন্ন রাজ্যে পাঠিয়েছে মাত্র ৫,৩৫৬ কোটি টাকা, যার অর্থ ৬,১১৮ কোটি টাকা খরচ করা হয়নি।
অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের আরও অভিযোগ যে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের প্রায় ৭৫ শতাংশ খরচ করা হয়নি এবং রাজ্যগুলিকে বিশেষ সহায়তা হিসেবে যে অর্থ পাঠানো হয়েছে তার ৮৩ শতাংশ খরচ হয়নি।
২০২৫ সালের মার্চ পর্যন্ত সিএজি রিপোর্টে দেখা যাচ্ছে অসম সরকার কেন্দ্রীয় সহায়তার অর্থ সঠিকভাবে খরচ করতে পারেনি। অথচ অসমে চলতি বন্যায় মৃত্যু হয়েছে শতাধিক ব্যক্তির। যারা সর্বোচ্চ সুশাসন, ন্যূনতম সরকারের প্রতিশ্রুতি দিয়েছিল তারাই এখন অর্থ খরচ পারছে না, বলেছেন গৌরব গগৈ।
গৌরব গগৈয়ের কটাক্ষ, বিপর্যয়ে সর্বহারা মানুষের কাছে যখন সবচেয়ে বেশি ত্রাণ দরকার তখন সরকারের এই ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতি মোকাবিলায় কত ব্যর্থ সরকার। ডাবল-ইঞ্জিন সরকারের কাজের এটাই নমুনা, কটাক্ষ গৌরব গগৈয়ের।
Next Post