পুর নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন না সুজিত বসু, শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
পৃথা দাশগুপ্ত,কলকাতা: পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি । ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। আজ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি শেষ হলেও এখনই কোনও স্বস্তি মিলল না। মামলাটির শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
১১ মে ইডি সুজিত বসুকে গ্রেফতার করে। ইডি-র অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন তিনি। সেই তালিকায় প্রায় ১৫০ জন প্রার্থীর নাম ছিল বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, এই দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।
আজ কলকাতা হাইকোর্টে এই মামলার দীর্ঘ সওয়াল-জবাব চলে।সুজিত বসুর হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।
অভিষেক মনু সিংভি আজ এজলাসে বলেন, পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর মক্কেলকে জেলবন্দি করে রাখা ঠিক হচ্ছে না ।
পাল্টা ইডি এই গ্রেফতারির পক্ষে যথাযথ কোনও যুক্তি বা ব্যাখ্যা দিতে পারেনি।
অভিষেক মনু সিংভি আরো বলেন, ২০১৬ সালের নিয়োগ কেলেঙ্কারিতে ইডি সুজিত বসুকে মাথা হিসেবে চিহ্নিত করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এর আগে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে সুজিত বসুর নাম নেই। তাঁর মক্কেল কলকাতার স্থায়ী বাসিন্দা এবং তদন্তের প্রয়োজনে যখনই তলব করা হবে, তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।
দুপক্ষের সওয়াল জবাব শেষ হবার পর ও রায়দান স্থগিত রাখে।