নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে জনগণনা। আর মণিপুরে মৈতেই সংগঠনগুলির দাবি আগে এনআরসি হোক, তারপর জনগণনা। পূর্ব ইম্ফলের জেলাশাসক দফতরের সামনে এই দাবিতে প্রবল বৃষ্টির মধ্যে তীব্র বিক্ষোভ দেখান মণিপুরি মহিলারা। বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন এক মহিলা পুলিশকর্মী। একইসঙ্গে আহত এক বিক্ষোভকারী।
পূর্ব ইম্ফলের জেলাশাসক দফতরে জনগণনার কাজ চলছিল। সেখানে গিয়ে ‘নো এনআরসি, নো সেনসাস’ স্লোগান দিতে থাকেন মহিলারা। বিক্ষোভকারীদের শান্ত করতে যায় একদল পুলিশ। তখনই সংঘর্ষে এক মহিলা পুলিশকর্মী ও একজন বিক্ষোভকারী আহত হন।

মহিলা বিক্ষোভকারীরা প্রবল বৃষ্টির মধ্যে জেলাশাসক দফতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধোঁয়া বা দাঙ্গা প্রতিরোধী গ্রেনেড ব্যবহার করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
গোটা মণিপুরে এনআরসি করার দাবিতে মঙ্গলবার রাত বারোটা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে মণিপুরের একটি সংগঠন। গত কয়েকদিন ধরেই মণিপুরে জনগণনার আগে এনআরসি করার দাবিতে বিক্ষোভ হয়েছে। দুদিন আগে মৈরাংয়ের একটি কলেজে ঢুকে বিক্ষোভ দেখান একটি সংগঠনের কর্মীরা।
বিক্ষোভকারীদের দাবি, মণিপুরে হাজার হাজার বিদেশি রয়েছে। সঠিকভাবে এনআরসি হলে বিদেশি চিহ্নিত করা যাবে। এজন্যই জনগণনার আগে এনআরসি দরকার। মণিপুরের ভবিষ্যতের জন্যই এনআরসি জরুরি, দাবি বিক্ষোভকারীদের।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ থেকে সংরক্ষণ ঘিরে মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছিল। যার জেরে দুশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।এখনও মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।