শিলংয়ে পুড়ে ছাই অসমের ৩০ গাড়ি

55

নিউজ ডেস্ক: খাসি ছাত্র সংস্থার কালো পতাকা নিয়ে বাইক মিছিল ঘিরে উত্তপ্ত শিলং। পোড়ানো হল অসমের নম্বর প্লেটওয়ালা অন্তত ৩০ গাড়ি। ভাঙচুর দোকানপাট, যাত্রীবাহী বাস লক্ষ্য করে পাথরবৃষ্টি। গ্রেফতার খাসি ছাত্র সংস্থার তিন নেতা।
রাস্তায় মেঘালয়ের বাইরের কোনও নম্বর প্লেটওয়ালা গাড়ি দেখলেই আক্রমণ করেছে বিক্ষোভকারীরা। খাসি ছাত্র সংস্থার হামলায় আহত হয়েছে বেশ কিছু মানুষ। যাঁদের মধ্যে রয়েছে দোকানদার, মোটরবাইক আরোহী এবং সাধারণ মানুষ। শিলংয়ের রিঞ্জায় আর আর কলোনিতে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
আক্রমণকারীদের মূল লক্ষ্য ছিল অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘালয়ের সরকারের কয়েকটি গাড়ি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় গুয়াহাটি-শিলং নিত্যযাত্রীদের মনে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। এ ছাড়া পরিবহণ কর্মী, বাইক-আরোহী এবং যাত্রীদের মনেও শঙ্কা তৈরি হয়েছে।
গাড়ির চালক, যাত্রী এবং গাড়ির ওপর হামলার প্রতিবাদে বিবৃতি দিয়েছে শিলংয়ের সেভেন স্টার ট্যুরিস্ট ক্যাব অপারেটর্স ইউনিয়ন। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় শিলং-গুয়াহাটি রুটের যাত্রীদের নিরাপত্তা গভীর সংকটের মুখে। গাড়ি এবং যাত্রীদের যথার্থ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে মেঘালয় সরকারকে।