স্বাভাবিকতা ফেরাতে হিমন্ত-কনরাড বার্তালাপ

35

নিউজ ডেস্ক: শিলংয়ে হিংসার পর জীবনের স্বাভাবিক ছন্দ ফেরাতে ফোনে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজেই সমাজমাধ্যমে একথা জানিয়েছেন।
১৯ আগস্ট শিলংয়ে খাসি ছাত্র সংস্থার কালো পতাকা নিয়ে বাইক মিছিলে ব্যাপক ভাঙচুর চলে অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ির ওপরে। বেশ কয়েকজন আহত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর করা হয়, স্বামী বিবেকানন্দর মূর্তির সামনের কাচ ভেঙে দেওয়া হয়।
সমাজমাধ্যমে কনরাড সাংমা বলেছেন, প্রতিবেশী দুই রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, দুই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা এবিষয়ে আলোচনা করবেন। আমরা শান্তি, আস্থা ও স্বাভাবিকতা ফেরাতে বদ্ধপরিকর। এরপর সাংমা বলেছেন, দুই রাজ্যের মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা শান্তি, সম্প্রীতি রক্ষা করুন, কোনও গোলমাল থেকে দূরে থাকুন। অসম ও মেঘালয়ের মধ্যে শক্তিশালী ঐক্য ও বন্ধন রয়েছে, আমরা সেটা রক্ষা করব।
বুধবার শিলংয়ে অন্তত ৩১টি গাড়ি ভাঙচুর করা হয়। অধিকাংশই ছিল অসমের গাড়ি। তবে মেঘালয় সরকারের একটি গাড়ি এবং এক বিজেপি বিধায়ক ও মেঘালয়ের শিক্ষামন্ত্রীর সরকারি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
শিলংয়ে অসমের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তেজনা তৈরি হয় গুয়াহাটির সমীপবর্তী জোড়াবাটে। সেখানে আটকানো হয় মেঘালয়গামী গাড়িগুলিকে।
অসম থেকে মেঘালয়ে যাওয়ার মূল কেন্দ্র জোড়াবাট। বৃহস্পতিবার অসম থেকে মেঘালয়ে কোনও বেসরকারি গাড়ি যেতে পারেনি। শিলং এবং জোড়াবাটের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পর্যটকরা আতঙ্কিত।
কনরাড সাংমা বলেছেন, শিলংয়ে হিংসা এবং তার পরিপ্রেক্ষিতে দুই রাজ্যের সাধারণ মানুষে আশঙ্কা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা হয়েছে। সাংমার আশা, দুই রাজ্যের মন্ত্রীরা আলোচনার মাধ্যমে মানুষের আশঙ্কা দূর করতে এবং মানুষের মনে আস্থা ফেরাতে সক্ষম হবেন।