ছররা-কাণ্ডে এফআইআরের দাবিতে অবস্থান রাহুলের

27

নিউজ ডেস্ক: ছররা গুলিতে আহত সাহিল লোচাবের এফআইআর নিচ্ছে না দিল্লি পুলিশ, অভিযোগ রাহুল গান্ধীর। শুক্রবার এফআইআরের দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে অবস্থান করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অবস্থানে যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ সহ বহু কংগ্রেস নেতা।
২০ জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের দিন যে পুলিশকর্মীদের বিরুদ্ধে পড়ুয়াদের ওপর ছররা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাহুল গান্ধী।
সাহিল লোচাবের আইনজীবী স্বাতী খান্না বলেন, ১৩ আগস্ট থেকে ঘুরছি। প্রথমে গিয়েছিলাম কনোনট প্লেস থানায়, সেখান থেকে পাঠানো হয়েছে পার্লামেন্ট স্ট্রিট থানায়। ফের দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসে। সেখানে গেলে বলা হয়েছে, ওপর থেকে নির্দেশ এসেছে কোনও এফআইআর করা যাবে না।
রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে দিল্লি পুলিশ ভাবছে পড়ুয়াদের ওপর ছররা গুলি চালালেও কিছু হবে না। ওদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের মেডিকো-লিগ্যাল রিপোর্ট পড়তে থাকেন রাহুল। সাহিল লোচাবের হাত থেকে ছররা গুলির টুকরো তুলে ধরেন রাহুল গান্ধী।
রাহুল প্রথমে মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে অভিযোগ না-নেওয়ায় তিনি ডিসিপি-র সঙ্গে দেখা করতে যান। রাহুল জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়ের না-হলে তিনি ধর্না চালিয়ে যাবেন। আইনজীবী স্বাতী খান্না বলন, প্রথমে ১৪ অগস্ট, পরে ১৭ অগস্ট সাহিল অভিযোগ দায়ের করলেও পুলিশ এফআইআর করেনি।
স্বাভাবিকভাবেই বিজেপি রাহুল গান্ধীর থানার বাইরে অবস্থান নিয়ে তোপ দেগেছে। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সবাই জানে দিল্লিতে ২০ জুলাই পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট কমিটি গঠন করেছে, তারাই সব দেখবে।
আর রবিশংকর প্রসাদ বলেছেন, রাহুল গান্ধী নৈরাজ্য সৃষ্টি করতে থানায় অবস্থান করেছেন। এফআইআর হয়ে গেছে এবং কোনও ছররা গুলি চালায়নি পুলিশ।