৪৮ ঘণ্টার মধ্যে ফেরানো হবে আটকে পড়াদের

22

নিউজ ডেস্ক: মেঘালয়ে আটকে পড়া অসমের মানুষ ও সব গাড়িকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরানো হবে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধারের সঙ্গে খানাপাড়ার কইনাধারায় বৈঠকের পর বলেছেন অসমের মন্ত্রী অতুল বরা।
শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের বাইক মিছিলে অশান্তির পর উত্তপ্ত হয়ে অসম-মেঘালয় সীমান্ত। তিনদিন ধরে শিলং থেকে গুয়াহাটি বা গুয়াহাটি থেকে শিলংগামী বাণিজ্যিক গাড়ি চলাচল স্তব্ধ হয়ে রয়েছে। অসমের বহু মানুষ এবং গাড়ি আটকে রয়েছে মেঘালয়ে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধার বলেছেন, বুধবার, ১৯ আগস্ট, শিলংয়ে যারা গাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ভেঙেছে তাদের চিহ্নিত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এবিষয়ে ১৫টি এফআইআর করা হয়েছে। খাসি ছাত্র সংগঠনের তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ।
অতুল বরা জানিয়েছেন, বুধবার শিলংয়ে অসমের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলিকে ভাঙচুরে ইতিমধ্যে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করবে মেঘালয় পুলিশ। মেঘালয়ে আটকে পড়া অসমের তিনশোর বেশি গাড়িকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করবে মেঘালয় সরকার। বুধবার অশান্তির পর অসমের ৩৭৭০ গাড়িকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনা হয়েছে, বলেছেন অতুল বরা।
মেঘালয়ে আটকে পড়া গাড়ি এবং মানুষদের জন্য অসম পুলিশ শুক্রবার দুটি টোল ফ্রি নম্বর জারি করেছিল। সেই দুটি নম্বরে ৫৪টি কল এসেছে, ১৭৫ জন আটকে পড়েছেন মেঘালয়ে। এঁরা ২২টি বেসরকারি গাড়ি এবং পাঁচটি ট্যুরিস্ট গাড়িতে মেঘালয়ে গিয়েছিলেন। সবাইকে ফেরানোর ব্যবস্থা করবে সরকার।
মেঘালয়-অসম সীমানায় উত্তেজনা প্রশমণে দুই সরকার সম্মত হয়েছে। দুই রাজ্যের প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিক এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। অসম ও মেঘালয় পুলিশের মধ্যে আরও সমন্বয় তৈরি করার কথা আলোচনা হয় বৈঠকে। এ ছাড়া থাকে হেল্পলাইন নম্বর এবং অনলাইন সাপোর্ট সিস্টেম। দুই রাজ্যের যে কেউ সমস্যায় পড়লে সেখানে জানাতে পারবে।
কামরূপ মেট্রো জেলা এবং মেঘালয়ের নংপো জেলাশাসকদের নিয়ে একটি জেলাস্তরীয় কমিটি হবে সীমানা সংক্রান্ত উত্তেজনা মেটাতে। এই কমিটি প্রতিদিন কাজ করবে। এ ছাড়া দুই রাজ্যের পরিবহণ আধিকারিকদের নিয়ে একটি যৌথ কমিটি হবে। এই কমিটি অসম ও মেঘালয়ের পর্যটনের স্বার্থে কাজ করবে দুই রাজ্যের গাড়ি চলাচলে।
মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধার বলেছেন, শুধু গুয়াহাটি থেকে শিলং নয়, বরাক উপত্যকা থেকে মেঘালয়ে যেসব গাড়ি ঢুকবে তাদেরও আমরা নিরাপত্তা দেব। অসম সহ গোটা ভারতের যে কোনও পর্যটক ও গাড়ি মেঘালয়ে সুরক্ষিত ও নিরাপদ থাকবে।
বৈঠক শেষে জোড়াবাটে বিক্ষোভকারী গাড়িচালকদের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী অতুল বরা।