বিএসএফের প্রাক্তন ডিজির নেতৃত্বে তৈরি হল কমিটি, পাহাড়ের স্থায়ী সমাধানে রোডম্যাপ তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

22

পৃথা দাশগুপ্ত,কলকাতা:পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবং সমস্যার সমাধান খুঁজতে ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দার্জিলিংয়ের সুকনায় বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও রোশন গিরি এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। পাহাড়ে রাজনৈতিক সমস্যা ও পাহাড়ের উন্নয়নের রূপরেখা তৈরিতে আজকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাজ্যে পালাবদলের পর পাহাড়ে এই প্রথম ত্রিপাক্ষিক বৈঠক। পাহাড়ের সমস্যার সমাধানে এ বার অমিত শাহের রোডম্যাপ তৈরি ‌। বৈঠকের মূল সিদ্ধান্ত অনুযায়ী, পাহাড়ের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির শীর্ষে রয়েছেন বিএসএফের প্রাক্তন ডিজি এবং প্রাক্তন আইপিএস পঙ্কজকুমার সিং।

আজ আলোচনায় পঙ্কজ কুমার সিং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। যদিও কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত সে বিষয়ে কিছু প্রকাশ্যে আসেনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে আশ্বস্ত করেছেন, পাহাড়ের যে কোনও সমস্যা সাংবিধানিক পথেই সমাধান করা হবে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পর্যটন ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।

বিমল গুরুং ও রোশন গিরিরাও পাহাড়ের সমস্যার এই সাংবিধানিক সমাধানের পথেই সম্মতি প্রকাশ করেছেন। পাহাড়ের উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখতে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

দীর্ঘকাল ধরে গোর্খাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে পাহাড়। বিগত সরকারের আমলে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার নামে আর্থিক দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং পর্যটন ক্ষেত্রে অসংগতির অভিযোগ তুলেছিলেন পাহাড়ের সাধারণ মানুষ।

আজকের বৈঠকে সেই পুরনো সমস্যা যেমন উঠে এসেছে, তেমনই এই সরকারের লক্ষ্য যে একমাত্র পাহাড়ের উন্নয়ন—তাও স্পষ্ট করা হয়েছে।