ককরোচ অভিযানের জের, রাজস্থানে স্কুল উন্নয়নে ব্যাপক অর্থ

29

নিউজ ডেস্ক: দুদিন আগে রাজস্থানের কানওয়ারপুরে স্কুল পরিদর্শনে গিয়ে ব্যাপক মারধরের সম্মুখীন হয়েছিলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ কর্মীরা। তারপরই স্কুল পরিকাঠামোয় ব্যাপক অর্থ বরাদ্দ করেছে রাজস্থান সরকার।
অবশ্য শুধু ককরোচ জনতা পার্টি নয়, স্কুল পরিকাঠামোর উন্নয়নে সরব হয়েছে রাজস্থানের বিরোধী দল কংগ্রেসও। দুই দলের সাঁড়াশি চাপের মাঝে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে রাজস্থান সরকার। আগামী তিন বছর এই অর্থ ব্যয় করা হবে স্কুল পরিকাঠামো উন্নয়নে।
দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে সাফল্যের পর দেশ জুড়ে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি নিয়েছে ককরোচ জনতা পার্টি।
সম্প্রতি রাজস্থানের বিধানসভায় জানানো হয়, ৬১১টি সরকারি স্কুলের কোনও নিজস্ব ভবন নেই। দুহাজারের বেশি স্কুলে শৌচালয়ের সুবিধা নেই। পানীয় জলের বন্দোবস্ত নেই এক হাজারের বেশি স্কুলে।
এরপরই মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার ঘোষণা তিন বছরে ৩,৫৮৭ নতুন স্কুলভবন তৈরি করা হবে। শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে ৮৩,৭৮৩টি। ২২,৫৮৯ স্কুলে ভবন মেরামত করা হবে। স্কুলগুলির জন্য তৈরি করা হবে ১৩ হাজারের বেশি শৌচালয়।