দিল্লিতে ভারী বৃষ্টি,বাতিল ১৮ টি বিমান

21

নিউজ ডেস্ক: ভারত আবহাওয়া দপ্তর (IMD) শহরের জন্য একটি ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। দিল্লি ও তার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকাগুলোতে আরও বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। এই ভারী বর্ষনের কারণে জাতীয় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মারাত্মক জলমগ্নতার সৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই দিল্লির আকাশ ঘন মেঘে ঢাকা । ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১৪৬টি বিমান পরিষেবা দেরিতে চলছে। বেশ কিছু বিমান অন্য শহরে ঘুরিয়ে দেওয়া হয়। প্রধান রাস্তা ও নিচু জায়গাগুলোতে জল জমে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গুরগাঁওয়ের মতো সংলগ্ন এলাকায় প্রশাসন থেকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের জাতীয় রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, এইমস (AIIMS), আইটিও (ITO), আর কে পুরম এবং ফিরোজশাহ রোড সহ বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, যার ফলে মারাত্মক জলমগ্নতার সৃষ্টি হয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী, ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে।