রাহুল গান্ধীকে নিশানা হিমন্তর

20

নিউজ ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সম্প্রতি পুনেয় মহিলাদের নিয়ে রাহুল গান্ধীর সভার সাফল্যের পর বিজেপির নানা মহল থেকে সমালোচনা করা হচ্ছে। সেই কাতারে যোগ দিলেন হিমন্তও।
সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, রাহুল গান্ধী মহিলাদের অধিকারের চ্যাম্পিয়ন নন। মহিলাদের সবলীকরণের বিষয়ে রাহুল গান্ধীর অবস্থান মোটেও ধারাবাহিক নয়। রাহুল গান্ধী হিন্দু ধর্মকে আক্রমণ করেছেন, কিন্তু শরিয়ত নিয়ে তিনি নীরব, লিখেছেন হিমন্ত।
পুনের সভায় মনুস্মৃতি গ্রন্থের সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী। সেবিষয়টি উল্লেখ করে হিমন্ত বলেছেন, শরিয়ত ও মনুস্মৃতির মধ্যে ফারাক আছে। শরিয়ত মুসলমানদের ধর্মের অন্তর্গত, কিন্তু মনুস্মৃতির সেই মর্যাদা বহন করে না। কেননা হিন্দুদের ধর্মীয় আচরণে মনুস্মৃতি বাধ্যতামূলক নয়।
হিমন্তর মতে, হিন্দুত্বর ক্ষমতা আছে নিজেকে ক্রমাগত পরিবর্তন এবং সংস্কার করার। রাহুল গান্ধীর মহিলাদের অধিকারের কথা বলছেন, কিন্তু সেটা কি সামাজিক সাম্য নাকি শুধুই হিন্দু ধর্মের সমালোচনার জন্য? প্রশ্ন হিমন্তর।
মহিলাদের জন্য কংগ্রেস কোনও কাজই করেনি উল্লেখ করে হিমন্ত বলেছেন, মহিলাদের অধিকার নিয়ে কংগ্রেসের দাবি একেবারে ফাঁপা, সেটা ওদের শাসনের রেকর্ড দেখলেই বোঝা যায়। এরপরই লিখেছেন, কর্ণাটকে কংগ্রেস সরকারের ক্যাবিনেটে কোনও মহিলা মন্ত্রী নেই।
এরপরই রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে হিমন্ত লিখেছেন, তিনি স্পষ্ট করে বলুন অভিন্ন দেওয়ানি বিধি বিল সমর্থন করেন কি না, যেখানে মহিলাদের সমান অধিকারই অগ্রাধিকার।