পৃথা দাশগুপ্ত,কলকাতা:১ লা সেপ্টেম্বর। মাসের শুরুতেই বড় ধাক্কা। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। গত দুই মাস ধরে গ্যাসের দাম কমেছিল। কিন্তু, পুজোর আগে ফের জ্বালানির দাম বাড়তেই চিন্তায় ব্যবসায়ীরা।
সূত্রের খবর,
সিলিন্ডার পিছু দাম ৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হল
বর্তমানে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২৭৪৭ টাকা ৫ পয়সা
মুম্বইয়ে সিলিন্ডারের দাম ২,৭০১ টাকা
অন্যান্য মেট্রো সিটির তুলনায় কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম সামান্য বেশি
নতুন দাম কার্যকর হওয়া পর কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ২,৮৮৪ টাকায়
মনে করা হচ্ছে, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আমদানি করা রান্নার গ্যাসের সরবরাহ ঠিক হচ্ছে না। এই অবস্থায় দেশের ভিতরে এল পি জি- র পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। সেই কারণেই দেশীয় উৎপাদন বাড়িয়ে একটি বাফার তৈরির করার চেষ্টা করা হচ্ছে।
১৩ অগস্ট পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, একটি নির্দেশিকা জারি করে ২১টি রিফাইনারি ও সংস্থার এল পি জি উৎপাদনের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করেছে। সব মিলিয়ে এই সংস্থাগুলির দৈনিক উৎপাদন ক্ষমতা ৬৩ হাজার ৮১০ টন নির্ধারণ করা হয়েছে।
শুধু এল পি জি নয়, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব পড়েছে সি এন জি এবং পি এন জি-র দামেও। মুম্বইয়ে সি এন জি ও পি এন জি-র দাম বাড়ানোর ঘোষণা করেছে মহানগর গ্যাস লিমিটেড ।
সেপ্টেম্বর থেকে মুম্বইয়ে সি এন জি-র দাম কেজি প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৮৮ টাকা
গৃহস্থালির পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস বা পি এন জি-র দাম প্রতি এস সি এম -এ ১ টাকা বাড়ানো হয়েছে