অভিষেকের আইনজীবীর উপর ক্ষুব্ধ বিচারপতি

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা:অবৈধ নির্মাণের জেরে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার অভিযোগ। প্রশাসনের তরফে বহুতলটি ভাঙাও শুরু হয়। কলকাতা হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। এবার ওই মামলাতেই অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। পর পর কয়েকটি শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী খালি সময় চাইছেন, তাই তাঁর ওপর অসন্তোষ প্রকাশের পাশাপাশি তাঁকে সতর্ক‌ও করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙা সংক্রান্ত মামলার শুনানিতে ফের সময় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তখনই অসন্তোষ প্রকাশ করে আইনজীবীকে সতর্ক করেন বিচারপতি। এরপর‌ও যদি শুনানিতে অংশ না নেন, তাহলে ওই নির্মাণ ভাঙার অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না বলে পর্যবেক্ষণে বলেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। বিচারপতির পর্যবেক্ষণ, সে দিন প্রস্তুত না হলে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে না।

১৭ মে সুশান্ত মণ্ডল অভিযোগ করেন, অভিষেকের কার্যালয় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করে প্রশাসন। গত ১৮ জুলাই ওই কার্যালয়ের একাংশ ভাঙার কাজ শুরু হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হতেই আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। সেইসময় কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী বারবার সময় চাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২২ সেপ্টেম্বর শুনানিতে কী হয়, সেটাই এখন দেখার।