জামিন পেলেন স্বতন্ত্র ভরদ্বাজ

24

নিউজ ডেস্ক: জুলাই মাসে যন্তর মন্তরে এক বিক্ষোভ চলাকালীন ককরোচ জনতা পার্টির এক কিশোরীর কর্মীর বাবার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার দিল্লি আদালত স্বতন্ত্র ভরদ্বাজকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ প্রতাপ সিং লালের এই আদেশ দেন এবং ভরদ্বাজকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে বিস্তারিত আদেশ এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, ভরদ্বাজ মূলত নিয়মিত জামিনের আবেদনই করেছিলেন।
সোমবার আদালত রুদ্ধদ্বার শুনানি পরিচালনার সিদ্ধান্ত নেয়। এর আগে আদালতকে জানানো হয় যে, ভরদ্বাজের বিরুদ্ধে এসসি/এসটি আইন ও পকসো (POCSO) আইনের অধীনে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। বিচারককে আরও জানানো হয় যে, ভরদ্বাজকে এসসি/এসটি আইনের মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে, পকসো আইনের মামলার কারণে নয়। উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট সম্প্রতি ভরদ্বাজের গ্রেপ্তারের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা ‘হেবিয়াস কর্পাস’ আবেদন খারিজ করে দিয়েছে। এই ঘটনায় ভরদ্বাজের গ্রেফতারের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে সিজেপি-র বিক্ষোভ প্রদর্শনের কয়েক ঘণ্টা পরই শুক্রবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে তাঁকে আটক করা হয়েছিল।
নাবালক আন্দোলনকারীর বাবার ওপর হামলার ঘটনায় দায়ের করা এফআইআরে দিল্লি পুলিশ পরবর্তীতে এসসি/এসটি আইন এবং অপরাধমূলক হুমকির ধারা যুক্ত করেছিল। তাঁর বিরুদ্ধে একটি পকসো মামলাও নথিভুক্ত করা হয়েছে। সিজেপির হয়ে প্রতিবাদকারী ওই কিশোরীর বাবাকে মারধরের বিষয়ে একটি ভিডিও পডকাস্টে দাবি করার পর থেকেই ভরদ্বাজ সন্দেহের তালিকায় চলে আসেন। ওই ভিডিওতে তিনি রাজনৈতিক যোগাযোগের বিষয়টি নিয়ে বড়াই করেছিলেন।