ফের কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান

690

পৃথা দাশগুপ্ত: পুজো মিটতেই ফের কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। এবার গন্তব্য শিয়ালদা স্টেশন সংলগ্ন খাবারের দোকান। ফুটপাথ ও ফ্লাইওভারের নীচে থাকা ফাস্ট ফুড খাবারের দোকানে অভিযান চালানো হয়। প্রতিটি দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে।

আজ সকালে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি উইং-এর আধিকারিকরা শিয়ালদার বিভিন্ন খাবারের দোকানে যান। সেখানে ফুড সেফটির নিয়ম মেনে খাবার তৈরি হচ্ছে কি না, খাবার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত মশলার গুণগত মান ঠিক আছে কি না, রং-কেমিক্যাল মেশানো হচ্ছে কি না, সব কিছুই যাচাই করে দেখা হয়।

বেশ কয়েকটি দোকানের খাবার যেগুলি ঠিক ছিল না, সেগুলি ফেলে দেওয়া হয়। বিভিন্ন মশলাও কেমিক্যালে মিশিয়ে দেখা হয় যে গুণগত মান ঠিক আছে কি না। বিক্রেতাদের সতর্ক করা হয় যে তারা যেন মাথায় টুপি পরে খাবার তৈরি ও বিক্রি করেন। শিয়ালদা অত্যন্ত ব্যস্ত এলাকা। প্রতিদিন প্রচুর মানুষ এখানে খাবার খান। সেই খাবারের গুণগত মান যাতে সঠিক ও নিরাপদ থাকে তার জন্যই বিভিন্ন জায়গায় অভিযান।