নিউজ ডেস্ক: জাপানে চলছে ২০২৬ এশিয়ান গেমস। ভারতের প্রতিনিধিত্বকারী মণিপুরের ৩৬ অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর ইউমনাম খেমচান্দ সিং। ৩৬ অ্যাথলিটের সঙ্গে তিন কোচও রয়েছেন ভারতের এশিয়াড দলে।
ভারতীয় দলের অংশ হিসেবে মণিপুরের অ্যাথলিটরা সেপাক টাকরো, রোয়িং, সাইক্লিং, ফেন্সিং, ক্যানোয়িং ও কায়াকিং, বক্সিং, ভারোত্তোলন, উশু, জুডো এবং হকি ইভেন্টে অংশ নিচ্ছেন। এই দলে রয়েছেন সেপাক টাকরোয় ১২ জন, রোয়িংয়ে ১ জন, সাইক্লিংয়ে ৩ জন, ফেন্সিংয়ে ৩ জন, ক্যানোয়িং ও কায়াকিংয়ে ৬ জন, বক্সিংয়ে ১ জন, ভারোত্তোলনে ৩ জন, উশুতে ৩ জন, জুডোতে ১ জন এবং হকিতে ৩ অ্যাথলিট।
শনিবার শুরু হওয়া এই গেমস ৪ অক্টোবর পর্যন্ত চলবে।
এদিকে, পালোমা মিজুহো স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন কবাডি তারকা পবন সেরাওয়াত এবং অলিম্পিক পদকজয়ী মনু ভাকের। ৩৬টি ক্রীড়া ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছেন ৫০৩ ক্রীড়াবিদ।
গত এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয়ী পুরুষ কবাডি দলের সদস্য সেরাওয়াত, ভাকেরের পাশাপাশি জাতীয় পতাকা বহন করেন। অলিম্পিকে দুটি পদকজয়ী মনু ভাকের এই গেমসে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ। তিনি প্যারিস ২০২৪ অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, মহিলাদের ২৫ মিটার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে অংশ নিয়ে দুটি ব্রোঞ্জ পদক জয় করেন। স্বাধীন ভারতের ইতিহাসে তিনিই প্রথম ক্রীড়াবিদ যিনি অলিম্পিক গেমসের একটি আসরে দুটি পদক জিতেছেন।
অনুষ্ঠানের আগে এক ভিডিও বার্তায় ভাকের বলেছেন, সত্যি বলতে, গতকাল যখন আমি খবরটি জানতে পারলাম, তখন আমার শুরুর দিনগুলোর নানা স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। আর জানেনই তো, খেলাধুলা শুরুর সময় আমি কখনোই ভাবিনি যে একদিন এই পর্যায়ে পৌঁছতে পারব। তাই বিষয়টি সত্যিই হৃদয়স্পর্শী। দেশের পতাকাবাহক হিসেবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত গর্বিত, সম্মানিত এবং ভীষণ আনন্দিত। আমি ঈশ্বরকে এবং আমার প্রতি ভালোবাসা ও সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
ভারত ২০২২ সালের এশিয়ান গেমসে ১০৭টি পদক জয়ের রেকর্ড ভেঙে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই আসরে ভারত ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ পদক জিতেছিল।