ডিভাইডারে ধাক্কা মেরে ৭৫ ফুট নিচে পড়ল বিএমডব্লিউ, মৃত ৩ ছাত্র

30

নিউজ ডেস্ক: রবিবার কাকভোরে মুম্বইয়ের কোস্টাল রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বিএমডব্লিউ (BMW) গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে প্রায় ৭৫ ফুট নিচে ছিটকে পড়ে। এই ভয়াবহ ঘটনায় গাড়িতে থাকা তিন ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। চার ছাত্র মেরিন ড্রাইভ থেকে গাড়িতে চড়ে উত্তরমুখী লেনের দিকে যাচ্ছিলেন। কোস্টাল রোডের একটি বাঁকে অত্যন্ত গতিবেগে থাকা গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা মারে এবং ফ্লাইওভারের মতো অংশ থেকে প্রায় ৭৫ ফুট নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত সানয় গুজ্জর, ধৈর্য শেঠ এবং চিকিৎসাধীন আদিত্য ওসওয়াল—তিনজনেই মুম্বইয়ের ভিলে পার্লের একটি নামী ম্যানেজমেন্ট কলেজের বিবিএ (BBA) পড়ুয়া ছিলেন। উইকএন্ডের রাতে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েই এই মর্মান্তিক পরিণতি ঘটে তাঁদের।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটির গতিসীমা কত ছিল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। কোস্টাল রোডের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।