পৃথা দাশগুপ্ত: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বেলেঘাটা-সল্টলেক অংশের কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট ও ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর সম্পন্ন হয়েছে প্রথম পুশ ট্রলি পরিদর্শন। ফলে ওই অংশে বৈদ্যুতিক কাজ শুরু করার পথ পরিষ্কার হয়ে গিয়েছে বলে মেট্রো সূত্রে খবর।
এই অরেঞ্জ লাইনে দুটি অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা অংশেও মেট্রো পরিষেবা সচল।
২০১০ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। মোট পাঁচটি পর্যায়ে করিডরটি নির্মাণের কাজ এগোচ্ছে। মেট্রো সূত্রে খবর, বেলেঘাটা-আইটি সেন্টার অংশটি ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের তৃতীয় পর্যায়ের অন্তর্গত।
বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে বৈদ্যুতিক কাজ শুরু হলে প্রকল্পটি আরও এক ধাপ এগোবে। এই অংশে পরিষেবা চালু হলে সল্টলেক সেক্টর-৫-এর সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজও চলছে। সম্পূর্ণ করিডর চালু হলে দক্ষিণ কলকাতার সঙ্গে বিমানবন্দর এলাকার পূর্ব-পশ্চিম মেট্রো সংযোগ আরও শক্তিশালী হবে।
এতদিন চিংড়িহাটা জটের কারণে এই অংশে মেট্রোরকাজ আটকে ছিল। রাজ্যে পালাবদলের পরই সেই কাজে আবার নতুন করে শুরু হয়েছে।