মণিপুরে আরও ৬ মাস বাড়ল ‘আফস্পা’র মেয়াদ

39

নিউজ ডেস্ক: হিংসাবিধ্বস্ত মণিপুরে আরও ছয় মাস বাড়র আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার আইন বা আফস্পার মেয়াদ। ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১ অক্টোবর থেকে আরও ছয়মাসের জন্য রাজ্যের ১৩টি নির্দিষ্ট থানা এলাকা বাদে গোটা মণিপুরকেই ‘উপদ্রুত এলাকা’ বা ‘ডিস্টার্বড্ এরিয়া’ হিসেবে গণ্য করা হবে। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে মণিপুরে মৈতেই-কুকি রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই মণিপুরে আফস্পা জারি রয়েছে, যার মেয়াদ পরিস্থিতি অনুযায়ী দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে।


আফস্পা অনুযায়ী, কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে এবং অসামরিক প্রশাসনকে সাহায্য করতে সশস্ত্র বাহিনীর প্রয়োজন হলে, কেন্দ্র বা রাজ্যপাল গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সেই এলাকাকে ‘উপদ্রুত’ ঘোষণা করতে পারে।


আফস্পার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের আগে গত কয়েক সপ্তাহে মণিপুরে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। শুক্রবার মণিপুরের কামজং জেলায় মায়ানমার সীমান্ত লাগোয়া পিলং গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নিহত হন চার জন। অভিযোগ, মায়ানমার থেকে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাঁচ গ্রামবাসীর ওপর হামলা চালায়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং, আমাদের সমাজে এধরনের হিংসার কোনও স্থান নেই।


২০২৩ সালের মে মাস থেকে মৈতেই-কুকি সংঘর্ষে অন্তত ২৫০ মানুষের মৃত্যু হয়েছে। এখনও বিভিন্ন আশ্রয় শিবিরে রয়েছেন অন্তত ৫০ হাজার ঘরহারা। সম্প্রতি এই সংঘর্ষ মোড় নিয়েছে নাগা ও কুকিদের মধ্যে। কয়েকদিন আগে কুকি সম্প্রদায়ের তিন জনের মৃত্যুর বদলা নিতে কাংপোকপিতে তিনটি গ্রামে হামলা চলে। ১৩ সেপ্টেম্বর তামেংলং জেলায় জোড়া হামলায় এক দম্পতি-সহ চার জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারি মাস থেকে নাগা ও কুকি সম্প্রদায়ের সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আফস্পা-র মেয়াদ বৃদ্ধি করা ছাড়া কেন্দ্রের কাছে অন্য কোনও পথ খোলা ছিল না।