গুয়াহাটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

57

নিউজ ডেস্ক: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু আজারার হোম স্টেতে। শুক্রবার গভীর রাতে গুয়াহাটির একটি হোমস্টের পাশ থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সি এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সমাজবিজ্ঞানের ওই ছাত্রী গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন এবং তিনি আজারা থানা এলাকার অন্তর্গত ধারাপুরের বাসিন্দা ছিলেন। শুক্রবার গভীর রাতে আজারার ‘রুদ্র’স কিচেন হোমস্টে’-তে এক যুবকের সঙ্গে ছিলেন তরুণী।
ঘটনার প্রেক্ষিতে এক ছাত্রকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই ছাত্রীর প্রেমিক হিসেবে পরিচিত অভিযুক্ত ছাত্রের দাবি, তরুণী আত্মহত্যা করেছেন।


তরুণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা আজারায় ১৭ নং জাতীয় সড়ক অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে, যার ফলে বিমানবন্দরগামী যান চলাচল ব্যাহত হয়।
প্রাথমিক তদন্তে মৃত তরুণীর মুখ, মাথা, হাত ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজারার গরলের স্বাস্থ্যকেন্দ্র তরুণীকে নিয়ে আসা হয়েছিল শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ। তিন ব্যক্তি তরুণীর দেহ পড়ে থাকতে দেখে নিয়ে আসে চিকিৎসার জন্য। অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে তরুণীকে পাঠানো হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজে। সেখানে ডাক্তাররা তরুণীকে মৃত ঘোষণা করে।
তরুণীর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। তরুণীর পরিবারের দাবি, শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন তরুণী। দুজনে ছিলেন ধারাপুরের হোমস্টে রুদ্রস কিচেনে। পরে তরুণীর দেহ উদ্ধার হয় আজারার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে।
গুয়াহাটি ডিসিপি বলিন দেউরি বলেছেন, আমরা অভিযুক্তকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে। অভিযুক্তর মতে, তরুণী নিজেই গলায় ফাঁস লাগিয়েছিল। কিন্তু সেটা সত্যি কি না দেখতে হবে।