পালা বদলের পর আর জি কর মামলার ফাইল খুলতেই বিপাকে অভীক দে, তাঁর স্নাতকোত্তর ডিগ্রি বাতিল স্বাস্থ্য দফতরের

4

পৃথা দাশগুপ্ত: আর জি কর কাণ্ডে নাম জড়িয়েছিল অভীক দে-র । ক্যাম্পাসে থ্রেট কালচারে নাম জড়ায় তাঁর । এমনকি স্নাতকোত্তরে তাঁর ভর্তি নিয়েও বেনিয়ম প্রকাশ্যে আসে। রাজ্যে পালাবদল। আর জি কর ফাইল পুনরায় খোলার পর‌ই ফের বিপাকে অভীক দে। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। স্নাতকোত্তর পড়ুয়াদের তালিকা থেকে কেটে দেওয়া হল অভীক দে-র নাম।

রাজ্যে পালাবদলের পর অগস্ট এ সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন হয়।‌ সেই কমিটি গত সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেয়। সেখানে স্পষ্ট জানানো হয় যে, বর্ধমান মেডিক্যাল কলেজের সার্ভিস কোটার তথ্য ভুল। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএমের স্নাতকোত্তর সার্জারিতে ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন অভীক।

সেই কমিটির সুপারিশ অনুযায়ী এবার এসএসকেএমের মাস্টার অফ সার্জারির পড়ুয়া তালিকা থেকে বাদ দেওয়া হল অভীকের নাম।

তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরএসের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন।‌ সেই কমিটি অভীক দে-র সার্ভিস কোটা বেআইনি বলে ঘোষণা করে। কিন্তু তখন স্বাস্থ্যভবন কোনও ব্যবস্থা নেয়নি।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন অভীক দে। এমনকি অভয়াকাণ্ডে সেমিনার রুমের পাশাপাশি ইন্দিরা মুখোপাধ্যায়ের ক্রাইম সিনের ছবিতেও অভীক দে ছিল বলে অভিযোগ।