হাগ্রামার আপ্ত-সহায়কের ঝুলন্ত দেহ উদ্ধার

49

নিউজ ডেস্ক: বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল প্রধান হাগ্রামা মহিলারির আপ্ত-সহায়কের ঝুলন্ত দেহ উদ্ধার। কোকরাঝাড় জেলার খড়গাঁও এলাকায় নবনির্মিত রেলওয়ে উড়াল পুলে ৪৭ বর্ষীয় মহেশ ব্রহ্মর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা নাকি খুন, উত্তর খুঁজছে পুলিশ।
ফ্লাইওভার থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় ব্রহ্মর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁর মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনা মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলেছে। কারো কারো সন্দেহ, তাঁকে হয়তো হত্যা করা হয়েছিল এবং পরে মৃতদেহটি ফ্লাইওভার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মহেশ ব্রহ্মর পরিবারের দাবি যে তিনি আত্মহত্যা করেননি।
ঘটনার পর বিটিসি-র কার্যনির্বাহী সদস্য প্রকাশ বসুমাতারি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রহ্মর মৃত্যুর কারণ ও পরিস্থিতি জানতে পুলিশকে বিস্তারিত তদন্ত চালানোর নির্দেশ দেন।
পুলিশ ঘটনাস্থলে প্রাপ্ত প্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন থেকে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
হাগ্রামা মহিলারির আপ্ত-সহায়ক মহেশ ব্রহ্ম সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিচিত মহলে শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। তাঁর মৃত্যু কোকরাঝাড় এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছে।