যাদবপুরে ফের শ্লীলতাহানির অভিযোগ, এবার অভিযোগের তীর শিক্ষাকর্মীর বিরুদ্ধে

49

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল,বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধেই।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষাকর্মী এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন এক ছাত্রী। ঘটনা সূত্রপাত গত শুক্রবার । কলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী নিগ্রহের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাঠগড়ায় এক শিক্ষাকর্মী।

ঘটনার সূত্রপাত শুক্রবার। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের সাততলায় সিঁড়িতে বসে গল্প করছিলেন কলা বিভাগের প্রথম বর্ষের তিন ছাত্রী। অভিযোগ, এক শিক্ষাকর্মী তাঁদের নিচে নেমে আসার কথা বলেন। দুই ছাত্রী নেমে এলেও একজন সেখানে থেকে ছিলেন। এরপর তাঁকে নিচে নামিয়ে আনতে সাততলায় যান ওই শিক্ষাকর্মী। অভিযোগ, সেখানেই তাঁকে শ্লীলতাহানি করা হয়।

এনিয়ে হস্তক্ষেপ করেছেন উপাচার্য। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিতে পাঠানো হবে। তার রিপোর্ট না আসা পর্যন্ত যে শিক্ষাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ক্যাম্পাসে তিনি আপাতত ঢুকতে পারবেন না, এমনই জানিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও সূত্রের খবর, নিগৃহীতা ছাত্রী নিজে এখনও পর্যন্ত আলাদাভাবে কোনও অভিযোগ দায়ের করেননি।

অভিযোগপত্রে ছাত্রী শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো অভিযোগ এনেছেন। উল্লেখ্য, এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।