প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

31

পৃথা দাশগুপ্ত,কলকাতা:প্রয়াত নদিয়ার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া । কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক ছিলেন উজ্জ্বল বিশ্বাস। রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদিয়ার রাজনৈতিক জগতে এক অধ্যায়ের সমাপতন অবসান ঘটল বলেই মনে করছেন অনেকে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।‌মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল তাঁর। উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তারকনাথ চ্যাটার্জি।

রাজ্যে পালাবদলের পর প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর পরেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করার অভিযোগ উঠেছিল। থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে শুনতে হয়েছিল চোর স্লোগান। গ্রেপ্তারের পর শুধু ত্রাণসামগ্রী সংক্রান্ত মামলাই নয়, তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ আরও একাধিক অভিযোগে পৃথক মামলা রুজু হয়। প্রথম তিনটি মামলায় আদালত থেকে জামিন পেলেও প্রতিবারই পরবর্তী মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে হেফাজতে নেওয়া হয়। ফলে জামিন পেলেও সংশোধনাগার থেকে মুক্তি মিলছিল না।

অবশেষে গ্রেপ্তারের ৪৯ দিন পর জেলমুক্তি হয়েছিল তাঁর। ২৮ জুলাই জেল থেকে ছাড়া পেয়েছিলেন ঠিকই, কিন্তু মানসিক বিপর্যস্ততা গ্রাস করেছিল শরীরেও। জেলমুক্তির দু’মাসের মধ্যেই গত ২৪ সেপ্টেম্বর উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের পর হৃদযন্ত্র থেকে সৃষ্ট রক্তজমাটের কারণে মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। এরপর থেকেই একের পর এক শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক থেকে শুরু করে একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি।

গত কয়েকদিন ধরে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক, তারপর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক থেকে শুরু করে একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি। কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলছিল ডায়ালিসিস। অবশেষে বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালেই।