শুক্রবার সকালেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, সকাল থেকেভারী বৃষ্টি বাংলাতেও

23

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়ল ‘আকভান’। আজ ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওডিশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী অংশে।

ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু অন্ধ্র ও ওডিশার উপকূলবর্তী অংশে।দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়ের স্থলভাগে ঢোকার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। পূর্বাভাস অনুযায়ী, আজ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম ও ভিজিয়ানগরমের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওডিশার একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রে বেশ কিছুটা শক্তিক্ষয় হয়েছে ‘আকভান’-এর। ফলে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হলেও গত কয়েক ঘণ্টায় শক্তি হারিয়েছে ‘আকভান’। উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা ঠান্ডা শুষ্ক বাতাসের প্রভাবে কিছুটা হলেও শক্তিক্ষয় হয়েছে ‘আকভান’-এর।

#শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ পাঁচ জেলায় অতিভারি বৃষ্টি। উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। কিছু জেলায় শনিবার এবং বাকি জেলায় রবিবার থেকে আবহাওয়ার উন্নতি।

দক্ষিণবঙ্গের সব জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭০-২০০মিমি।

হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়া জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি , ৭০-১১০ মিমি হওয়ার সম্ভাবনা।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

আজ উত্তরবঙ্গের সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় কোল্ড-ডের মতো পরিস্থিতি। দিনভর বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫২ মিলোমিটার।

মৎস্যজীবীদের আজ পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূলের বাইরে এবং উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নিয়ন্ত্রণ এবং বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখতে পরামর্শ আবহাওয়া দপ্তরের।