মণিপুরে বিষমদে মৃত ৮, একশোর বেশি ভর্তি হাসপাতালে

34

নিউজ ডেস্ক: বিষমদে মণিপুরে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। বিষমদ পান করে শতাধিক ভর্তি হাসপাতালে।
মণিপুরের চান্দেল জেলার চাকপিকারং মহকুমা ও তৎসংলগ্ন এলাকায় বিষমদ পানে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিষমদ পানে অসুস্থ ৭৮ জনকে সিজা হাসপাতালে এবং ২৩ জনকে বাবিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে এই ধরনের রোগী আসার আশঙ্কা করা হচ্ছে।
চান্দেল জেলা প্রশাসন আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যাদের মৃত্যুর কারণ বিষমদ পান হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নির্দিষ্ট করা হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে মণিপুর সরকার একটি স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যে কোনও অ্যালকোহল-যুক্ত পানীয় গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অন্য কোনও অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তবে তাদের অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।
যাঁরা সন্দেহজনক উৎস থেকে মদ পান করে থাকতে পারেন, তাঁদের কোনও উপসর্গ না থাকলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।