রাজস্থানে পঞ্চায়েত ভোটে ধরাশায়ী বিজেপি

35

নিউজ ডেস্ক: রাজস্থানে পঞ্চায়েত ভোটে ধরাশায়ী শাসক বিজেপি। গোটা রাজস্থান জুড়ে ভালো ফল করেছে বিরোধী কংগ্রেস। গত সেপ্টেম্বরে রাজস্থানের শহরাঞ্চলের পুরসভা ভোটে শাসক দল বিজেপি তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছিল। দেড় মাসের মধ্যে গ্রামাঞ্চল দখল করে কংগ্রেস চিন্তায় রাখল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলকে।
রাজস্থানের ৪১টি জেলা পরিষদের মধ্যে ৩৭টির ফল পাওয়া গেছে। কংগ্রেস ২৫টি জেলা পরিষদ জিতেছে। বিজেপি পেয়েছে মাত্র ৯টি। ভোট হয়েছে ৪১৯টি পঞ্চায়েত সমিতির। তাতে ২৬৯টি জিতে কংগ্রেস বোর্ড গঠন করবে। বিজেপি জিতেছে মাত্র ৭৩টিতে। সার্বিক হিসেবে দেখা যাচ্ছে, ৩৭টি জেলা পরিষদের মোট আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৭৯৪টিতে, বিজেপি জিতেছে ৩৫৭। অন্যদিকে পঞ্চায়েত সমিতির মধ্যে কংগ্রেস জিতেছে ৩ হাজার ৭৫৮ আসন, বিজেপি ২ হাজার ২১৩টি।
সাধারণত যে দল রাজ্যের ক্ষমতায় থাকে তারাই পুরসভা বা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়। কিন্তু রাজস্থানের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করে দিয়েছে। এবং উল্লেখযোগ্য, এই ভোট হয়েছে এসআইআর প্রক্রিয়ার পরে।
ফল প্রকাশের পরেই রাজস্থানের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সরকারের ইস্তফা দাবি করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা জনগণের আস্থা হারিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, তফসিল জাতি, জাট ও গুর্জর সম্প্রদায়ের মধ্যে কংগ্রেস সমর্থন শুধু ধরেই রাখেনি, বাড়িয়েছে। পাশাপাশি বিজেপির রাজপুত ভোটে থাবা বসাতে পেরেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতি কংগ্রেস ছিনিয়ে নিয়েছে।
বিজেপি এই ভোটে জেতার জন্য চেষ্টার ত্রুটি রাখেনি। তিন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুনলাল মেঘাওয়াল ও ভূপেন্দ্র যাদব তাঁদের নিজেদের জেলা যথাক্রমে যোধপুর, বিকানির ও আলওয়ারে ব্যাপক প্রচার করেছিলেন। তিনটি জেলাই কংগ্রেস দখল করেছে। হেরে গেছেন বিজেপির রাজ্যস্তরের অধিকাংশ হেভিওয়েট প্রার্থীরা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় রাজস্থানের মানুষ তিতিবিরক্ত। এই ভোটের ফল তারই প্রমাণ।
রাহুল গান্ধী রাজস্থানের গ্রামীণ জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, কংগ্রেস ১০০ দিনের কাজের প্রকল্প এনেছিল সাধারণ গরিব মানুষদের সুরাহার জন্য। বিজেপি সেটা তুলে দিয়ে তাদের মতো করে যে প্রকল্প এনেছে এবং তাতে যেসব শর্ত জুড়ে দিয়েছে, এই ভোট বুঝিয়ে দিল মানুষ তা প্রত্যাখ্যান করছে।
রাহুল বলেছেন, কৃষিক্ষেত্রের অসহায় মানুষের দিকে বিজেপির নজর নেই। মূল্যবৃদ্ধি লাগামছাড়া। বেকারত্ব চূড়ান্ত। গ্রাম ছেড়ে মানুষ শহরাঞ্চলে চলে যাচ্ছে রোজগারের আশায়। কিন্তু সেখানেও পড়তে হচ্ছে বিপত্তিতে। এই ভোট শাসক বিজেপির প্রতি মানুষের অনাস্থার প্রকাশ।
রাজস্থানে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের সাফল্য প্রচারের ঢক্কানিনাদে রাজস্থানের মানুষ কতটা বিরক্ত, তা বোঝা গেল।
এই ফলের পর রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য কংগ্রেসের সমালোচনা করতে ছাড়েনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরি, এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ সামনে এনে বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর কংগ্রেসসহ বিরোধীদের সমালোচনা করেছেন।