‘৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত’, খড়্গপুর IIT থেকে আর কী বার্তা নরেন্দ্র মোদীর?

21

পৃথা দাশগুপ্ত: আজ নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছোন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটু বদল করা হয়। প্রথমে হেলিকপ্টারে করে যাবার কথা থাকলেও পরে সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছোন।

খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের দারিদ্র্য সমস্যা নিয়ে কথা বলেন‌ তিনি।‌ পূর্বতন সরকারকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি নিজের সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। বাংলার ঐতিহাসিক গুরুত্ব এবং দেশ গঠনে আইআইটি পড়ুয়াদের কী অবদান রয়েছে সে কথা বার বার মনে করিয়েছেন তিনি। আজ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশক আগে দারিদ্র্যই ছিল দেশের মূল সমস্যা। পরিস্থিতি বদলানোর মতো সাহসও কেউ দেখাননি। বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, লালকেল্লার মঞ্চ থেকে তিনিই গরিব মানুষের জন্য শৌচালয় নির্মাণের ঘোষণা করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।”

বিরোধীদের নাম না-করে বলেন, “গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ ক্ষমতা দেখায়নি গরিবি দুর করা যায়। যখন ক্ষমতায় আসি তখনই কাজ শুরুর পরিকল্পনা করি। আমরা গরিবদের শক্তিশালী করেছি।”

তাঁর দাবি, বর্তমান সরকার দেশকে কেবল ক্ষমতার গণ্ডিতে আটকে না রেখে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করার পথে নিয়ে গিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ইতিমধ্যেই ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছে, যা আসলে ব্রেক দ্য লিমিটেরই নামান্তর। প্রধানমন্ত্রী আরও বলেন যে, “পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। আকাঙ্খা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের আসল শক্তি।” ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর সংযোজন, “ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে আইআইটির জন্ম। আইআইটির পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।” এই অনুষ্ঠান থেকে শিল্পায়নের প্রসঙ্গ টেনে বামেদের সরাসরি নিশানা করেন তিনি।

খড়্গপুর আইআইটি-তে ডাক্তারির কোর্স চালু হয়েছে। ওই কোর্স যেখানে পড়ানো হবে, সেই জায়গা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কথা বলেন আইআইটির প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গেও। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ নেতৃত্বরা।‌