বঙ্গোপসাগরে জাহাজজুবি! ওড়িশার পারাদ্বীপ উপকূল অঞ্চলে ডুবে গেল পানামার একটি পণ্যবাহী জাহাজ।
নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে জাহাজজুবি! ওড়িশার পারাদ্বীপ উপকূল অঞ্চলে ডুবে গেল পানামার একটি পণ্যবাহী জাহাজ। তাতে ছিলেন ২৪ জন নাবিক। ইতিমধ্যে ২ জনের খোঁজ মিলেছে। বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী।
পারাদ্বীপ উপকূল থেকে ২৪৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনাটি ঘটে। পানামার পতাকাবাহী ওই পণ্যবাহী জাহাজটি শুক্রবার ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে চিনের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ১,৭০০ টন লোহা ছিল। জাহাজটির নাম ‘ওশান উইনার’ বলে জানা গিয়েছে। ঠিক কোন জায়গা থেকে জাহাজটির শেষ সিগন্যাল পাওয়া গিয়েছিল, তা নির্ধারণের চেষ্টা করছেন আধিকারিকরা। জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস এবং শেষ যোগাযোগের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
পারাদ্বীপে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিআইজি সঞ্জয় নেগি জানিয়েছেন, আন্দামান ও নিকোবর ইউনিটের মাধ্যমে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজের পাশাপাশি আকাশপথেও অনুসন্ধানের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকালেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাত ৮টা নাগাদ উদ্ধার অভিযানে দু’জনের খোঁজ মেলে। তাঁদের উদ্ধার করা হয়েছে লাইফবোটের মাধ্যমে। কিন্তু এখনও ২২ জন নিখোঁজ। জাহাজে থাকা ২৪ জনের মধ্যে ২০ জনই চিনা নাগরিক। এ ছাড়া, এক জন বাংলাদেশি এবং তিন জন মায়ানমারের বাসিন্দা।
সূত্রের খবর, উপকূলরক্ষী বাহিনীর তরফে তিনটি উদ্ধারকারী জাহাজ ওই এলাকায় পাঠানো হয়েছে। জাহাজের বাকি নাবিকদের খোঁজে তল্লাশি চলে সারা রাত। ২ জন ছাড়া আর কারও খোঁজ মেলেনি। কী কারণে জাহাজটি ডুবে গেল, সংশ্লিষ্ট এলাকায় বঙ্গোপসাগরের উপর আবহাওয়া কেমন ছিল, খতিয়ে দেখা হচ্ছে।