পৃথা দাশগুপ্ত,কলকাতা:শওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙল প্রশাসন। ক্যাফের নাম ‘অরণ্যের কূলে’। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালির অন্তর্গত ছিল ওই ক্যাফে। অভিযোগ দীর্ঘদিন ধরে ওই ক্যাফে অবৈধ ভাবে মাতলা নদীর চরের উপরে তৈরি করা হয়েছিল। প্রশাসনের তরফে ২৯ জুন সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়। ক্যাফের মালিক পাত্তা দেননি। আজ প্রশাসনের তরফেই ওই ক্যাফে ভেঙে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশের পরেও নির্ধারিত সময়ে ওই অবৈধ নির্মাণ ভাঙা হয়নি। সেই কারণে সরকারি উদ্যোগে ভাঙার কাজ সকাল থেকে শুরু হয়। বুলডোজ়ার নিয়ে গিয়ে ক্যাফে ভেঙে ফেলার কাজ করা চলছে। অবৈধ নির্ণাণ ভাঙার কাজে প্রশাসনের যে টাকা খরচ হবে, তা ওই ক্যাফের মালিক পক্ষের কাছ থেকে আদায় করা হবে, খবর সূত্রের। ।
কোনও রকম অপ্রীতিকর অবস্থা যাতে না তৈরি হয়, সেই কারণে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিক ও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ভাঙার কাজ আপাতত শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে।
জীবনতলা থানার পুলিশ হেফাজতে রয়েছেন শওকত মোল্লা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। পাশাপাশি জীবনতলা থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও একাধিক অভিযোগেরও তদন্ত চলছে।