যন্তরমন্তরের পর রাঁচি, জয় পড়ুয়াদের

28

নিউজ ডেস্ক: যন্তরমন্তরে প্রবল আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে আর ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রবিক্ষোভের চাপে হেমন্ত সোরেনকে পরীক্ষা বাতিল করতে হল।
সোমবার রাঁচিতে আন্দোলনকারী পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৈঠক শেষে হেমন্ত ঘোষণা করেন, অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষা বাতিল করা হল। এরপর তাঁর ঘোষণা, ২০১৪ থেকে টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড পরিচালিত সব পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা পদ্ধতি সংস্কারের সরকারের কমিটির নেতৃত্বে থাকবেন প্রবীণ আইএএস অমিতাভ কৌশল। ঝাড়খণ্ডে টিএসআর-এর ডেটা প্রসেসিং লিমিটেডকে ঘুষের বিনিময়ে জেপিএসসি নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান খিয়াঙ্গতেকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড সিআইডি। আন্দোলনকারীদের দুটি পরীক্ষা বাতিলের দাবি মেনে নিলেও সিবিআই তদন্তের দাবিতে এখনও রাজি হয়নি ঝাড়খণ্ড সরকার।
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনশন ভেঙেছেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। ২ আগস্ট থেকে অনশন করছিলন তিনি। তাঁর সঙ্গে অনশন চালাচ্ছিলেন আরও দুই ছাত্রনেতা উম্মে হাবিবা এবং রাহুল ক্রান্তি। তাঁরাও অনশন প্রত্যাহার করেছেন। সোমবার রাতে ঝাড়খণ্ডের দুই মন্ত্রী ইরফান আনসারি এবং দীপিকা পান্ডে সিং দেখা করেন অনশনকারী ছাত্রনেতাদের সঙ্গে। দীপিকার হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভাঙেন তাঁরা।
তবে অনশন প্রত্যাহার করলেও আন্দোলনের পথ ছাড়েননি ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। তাঁদের কথায়, সরকার সিবিআই তদন্তের দাবি না-মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। যন্তরমন্তরে অনশনকারী সিকিমের সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গেও কথা হয়েছে দেবেন্দ্রর। সরকারের পরীক্ষা বাতিলের ঘোষণাকে ‘সকলের জয়’ হিসেবে আখ্যা দেন সোনম।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভের মধ্যেই সোমবার হেমন্তকে চিঠি লিখেছিলেন সহযোগী দল কংগ্রেসের নেতা রাহুল গাঁধী। চিঠিতে বিক্ষোভরত পড়ুয়াদের দাবিদাওয়াকে ‘ন্যায়সঙ্গত’ বলে লিখেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেই সঙ্গে হেমন্ত সোরেনকে রাহুল পরামর্শ দেন, প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে নিজে কথা বলুন। রাহুলের চিঠির পরেই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন হেমন্ত।