পৃথা দাশগুপ্ত: বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ। রাজ্যে ফের ‘এনকাউন্টার’। ৫ নভেম্বর থেকে তিনদিন নিখোঁজ থাকার পর কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা দেহ। এই ঘটনাতেই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে।
মূল অভিযুক্তের নাম দিলীপ রায়। গত বৃহস্পতিবার নাবালিকার দেহ উদ্ধারের পর অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। সূত্রের খবর, সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। তাঁকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ রায় গুলি চালায় বলে অভিযোগ । সেইসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
পুলিশের গাড়ির টায়ারে একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে ৯ এমএম পিস্তলও উদ্ধার হয় বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, ওই পিস্তল কীভাবে এল অভিযুক্তের কাছে?
পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার দিনই পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। বিহারে পালানোর সময়ই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়।