ফের বিহারে কিশোরী নির্যাতন

27

নিউজ ডেস্ক: জামুইয়ের পর সমস্তিপুর। বিহারে প্রকাশ্যে কিশোরী নির্যাতনের ঘটনা থামছেই না। সমস্তিপুর জেলায় এক কিশোরী এবং তাঁর বন্ধুকে ঘিরে ধরে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমেও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করেছে পুলিশ। চার জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার কর্পূরিগ্রাম থানার অন্তর্গত জগৎসিংহপুর গ্রামের কাছে ড্যাম বাইপাস রাস্তার ঘটনার ভিডিয়ো পুলিশের হাতে পৌঁছতেই দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ।
ওই কিশোরী তার এক বন্ধুকে নিয়ে ড্যাম বাইপাসে বাইকে ঘুরছিল, ছবি তুলছিল। কয়েকজন যুবক এসে তাদের জিজ্ঞেস করে, সেখানে কী করছে তারা। তারপর কিশোর এবং কিশোরীকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে থাকেন ওই যুবকেরা। আচমকাই কিশোরীকে টানাহেঁচড়া শুরু করে যুবকরা। কিশোর প্রতিবাদ করলে তাকে মারধর করা। তার পর কিশোরীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে কয়েকজন ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর জামুইয়ের মাড়ওয়ার পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে শ্লীলতাহানি এবং হেনস্থার শিকার হয় দশম শ্রেণির দুই ছাত্রছাত্রী। অভিযুক্তদের মধ্যে কয়েক জন নাবালক ছিল। ইতিমধ্যেই মূল অভিযুক্ত নন্দন যাদব-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই নাবালককেও আটক করা হয়েছে।