বৃহৎ নদীবাঁধের বিরোধিতায় উত্তপ্ত অরুণাচল প্রদেশ

26

নিউজ ডেস্ক: বৃহৎ নদীবাঁধের বিরোধিতায় উত্তপ্ত অরুণাচল প্রদেশ। আন্দোলনকারীরা ইংকিয়ং-এ টুটিং-ইংকিয়ং কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আলো লিবাংয়ের সরকারি বাসভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
যদিও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন যে, সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (SUMP)-এর জন্য প্রস্তাবিত প্রি-ফিজিবিলিটি রিপোর্টের অর্থ এই নয় যে প্রস্তাবিত বাঁধটি শেষ পর্যন্ত নির্মিতই হবে। একইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান যেন তারা হিংস্রতা বা সরকারি সম্পত্তি ধ্বংসের পথ বেছে না নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেন।
প্রস্তাবিত প্রকল্পের বিরুদ্ধে বিরোধিতার মধ্যেই সিয়াং ও আপার সিয়াং জেলায় দুদিন সফর করেন খান্ডু। তিনি জানান, প্রকল্পটি কারিগরিভাবে বাস্তবায়নযোগ্য কি না এবং যদি হয় তবে তা কোথায় স্থাপন করা যেতে পারে, সেটা নির্ধারণের জন্যই পিএফআর প্রয়োজন। এই বাঁধটি তৈরি করা হচ্ছে না। এখন সমীক্ষা চলছে।
খান্ডুর দাবি, পিএফআর পরিচালনায় কোনও ক্ষতি হবে না। খামার নষ্ট হবে না, কারো বাড়িঘর নষ্ট হবে না, বনভূমি ধ্বংস হবে না।
এরপর খান্ডু আশ্বাস দেন, প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হবে। পিএফআর-এর পর গণশুনানি হবে, সব তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
কেন্দ্রীয় সরকার ২০০৮ সালে সাম্প জলবিদ্যুৎ প্রকল্পকে ‘জাতীয় প্রকল্প’ হিসেবে ঘোষণা করেছিল। আদিবাসী আদি সম্প্রদায় পিএফআর সমীক্ষার বিরুদ্ধে অব্যাহত আন্দোলন করছে। গেকু, কোমকার এবং সংলগ্ন এলাকার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছে এবং প্রস্তাবিত পিএফআর স্থানগুলোর দিকে যন্ত্রপাতি নিয়ে যাওয়ার প্রচেষ্টার বিরোধিতা করেছে।
সিয়াং ও আপার সিয়াং এলাকায় পিএফআর সমীক্ষা ও সংশ্লিষ্ট কাজের সমন্বয় ও তদারকির জন্য অরুণাচল সরকার সম্প্রতি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী ওজিং তাসিংয়ের নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে।
এদিকে, অরুণাচলের পাসিঘাট পশ্চিমের বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনোং এরিং প্রস্তাবিত প্রকল্পের সমর্থন করেছেন। তিনি বলেছেন, আমার বয়স ৭২ বছর এবং ১৯৭০-এর দশকে আমি ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ দলের সদস্য ছিলাম। তখন থেকেই আমি বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার সহায়তার জন্য বড় আকারের বাঁধ নির্মাণের পক্ষে।
প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP)-এ প্রায় ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পের তীব্র বিরোধী।