বই পাড়ায় ‘বই যুদ্ধ’! ব‌ই স্টলকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে ABVP-SFI ধুন্ধুমার

32

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টল নিয়ে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বচসা। তার মধ্যেই ওই বুক স্টলের সামনেই নিজেদের বই সাজিয়ে বসতে মরিয়া গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। মুখোমুখি সংঘর্ষে এসএফআই-এবিভিপি।সকাল থেকে দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর।

পুলিশের অনুমতি নিয়ে সকাল থেকে তিনদিনের জন্য কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করেছিল এসএফআই। কিন্তু ওই বইমেলা করার জন্য যখন প্রস্তুতি চলছিল তখন পুলিশ আচমকা তাতে বাধা দেয় বলে অভিযোগ। বুকস্টল করতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম লাইনের উপরই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। তারপরে পুলিশ তাদের আটক করে। পরবর্তী ক্ষেত্রে গ্রেফতার করার পর সন্ধ্যেবেলা তারা জামিনে মুক্তি পান। মঙ্গলবার প্রায় দিনভর কলেজ স্ট্রিট অশান্ত ছিল।

কিন্তু আজ অন্য চিত্র। সকালে বামেদের বুকস্টলের সামনেই পালটা বইয়ের স্টল সাজাতে চায় এবিভিপি। এনিয়ে দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষ জড়িয়ে পড়ে। হাতে বিবেকানন্দের বই, ভারতমাতার ছবি নিয়ে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি সদস্যরা। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়।

দু’পক্ষকে থামাতে তৎক্ষণাৎ মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ব্যারিকেড দিলেও অশান্তি তো কমেইনি, উলটে পরিবেশ আরও তপ্ত হয়ে উঠেছে। পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে এবিভিপির সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের।‌

দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায়। উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে চলে আসেন। অনেক বেলায় যান চলাচল স্বাভাবিক হয়।