চোরবাগান কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহ

41

পৃথা দাশগুপ্ত, কলকাতা: চোরবাগান কাণ্ডে ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হল দুই অভিযুক্তের।
দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়েছে প্রেসিডেন্সি জেলে।
কুশল মজুমদার এবং সঞ্জীব রাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা জেলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন কণ্ঠস্বরের।
মণ্ডপ ভেঙে যাওয়ার ঘোষণা কে করেছিলেন তা জানতেই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ।

চোরবাগান কাণ্ডে মৃত্যু হয় ১৯ জনের। ‌সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টিতে যখন দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে তখন মাইকে ঘোষণা হয়— ‘‘মণ্ডপ ভেঙে যাচ্ছে!’’

অভিযোগ, ওই ঘোষণাই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। কিন্তু এই ঘোষণা কে করেছিলেন। এই নিয়ে জল গড়ায় বহুদূর। ‌আগেই দুই ঘোষককে চিহ্নিত করা হয়। পরে তাঁদের গ্রেফতারও করা হয়। প্রথমে গ্রেফতার হন সঞ্জীব। পরে অপর ঘোষক কুশলকেও গ্রেফতার করা হয়।

লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার আগে সঞ্জীব কুশলকে বলেছিলেন যে তিনি পুজো কমিটির সদস্যদের বসবার জায়গায় যাচ্ছেন। কুশল ঘোষকের দায়িত্ব নিয়েছিল। কিন্তু এই ঘোষণার সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক কতটা তা তদন্ত সাপেক্ষ।

কখন ,কোন পরিস্থিতিতে ঘোষক দুর্ঘটনার আগে ঘোষণা করেছিলেন, তা তদন্ত করছে পুলিশ। তদন্ত এগিয়ে নিয়ে যেতে দুই ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারীরা। তার পরই এই দুই অভিযুক্তের নমুনা সংগ্রহ করা হল।

দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জীব এবং কুশল।