পৃথা দাশগুপ্ত: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। তাই নোটিস দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মঙ্গলবার হাজির হয়েছিলেন দমকল কর্তারা। আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এই নোটিস গ্রহণ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা হয় কয়েক মাস আগে । দমকল ওই অফিস বন্ধ রাখার জন্য নোটিস দেয়। এই নোটিস চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় মমতা তৃণমূল। আদালত দমকলকে নির্দেশ দিয়েছিল, ওই অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। কোনও ত্রুটি থাকলে দমকল তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। ওই অফিসে পরিদর্শনে যাওয়ার আগে নোটিশ দিতে হবে কর্তৃপক্ষকে।
অক্টোবরে দমকল ক্যামাক স্ট্রিটের অফিস পরিদর্শন করে। কী কী পদক্ষেপ করতে হবে, তা–ও জানানো হয় বলে সূত্রের খবর। এ বিষয়েই ফের নোটিস দিতে দমকল কর্তারা কালীঘাটে যান বলে সূত্রের খবর।
অভিযোগ, ক্যামাক স্ট্রিটের ওই ভবনে যে তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে, সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। হাই কোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে ওই মামলার শুনানি হয়।
শুনানি শেষে আদালত জানায়, দমকল যদি আবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতর পরিদর্শনে যেতে চায় তবে আগেভাগে নোটিস দিতে হবে। সেই নোটিসে জানাতে হবে, দমকল কবে আবার ওই অফিস পরিদর্শনে যাবে। সেই নোটিশ দেওয়ার জন্যই কালীঘাটে যাওয়া বলে সূত্রের খবর।