দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর গতি হবে সর্বোচ্চ ১৪৫ কিমি প্রতি ঘণ্টা

16

পৃথা দাশগুপ্ত: ঘূর্ণিঝড় আকভান উত্তর-পশ্চিম দিকে গিয়ে বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার দুপুরের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

পশ্চিমবঙ্গ উপকূলের জন্য মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কম।

কলকাতায় আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আজ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯৩ শতাংশ।